বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস। ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ কর্মসূচির অংশ হিসেবে নেপালের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের কাছে বাংলাদেশের জনপ্রিয় আম উপহার দেওয়া হয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, ১ হাজার ৭৫০ কেজির বেশি উচ্চমানের বাংলাদেশি আম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়।
উপহারের জন্য নির্বাচিত আমগুলো দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। সতেজতা ও মান অক্ষুণ্ণ রাখতে বিশেষ ব্যবস্থায় সেগুলো কাঠমান্ডুতে পাঠানো হয়।
উপহার হিসেবে দেওয়া হয় জিআই স্বীকৃত ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা স্বাদ ও গুণগত মানের কারণে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। দক্ষিণ এশিয়ার উৎকৃষ্ট আমের তালিকায় এই জাতটি বিশেষভাবে সমাদৃত।
দূতাবাসের এ উদ্যোগকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সাংস্কৃতিক ও সৌজন্যমূলক আয়োজন বাংলাদেশ-নেপাল সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


