ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

আজ কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:৫৩ এএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার (১৩ জুন) এক দিনের কর্মসূচি নিয়ে তিনি সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেবেন।

এ সময় কক্সবাজারের গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচিত পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে।

স্থানীয়দের মতে, কক্সবাজারের উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লবণচাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করা। এছাড়া পর্যটন শিল্পের সম্প্রসারণ, আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ ব্যবহার এবং শুঁটকি শিল্পের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন তারা।

একই সঙ্গে কুতুবদিয়া দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহেশখালী-কক্সবাজার চ্যানেলের ওপর সেতু নির্মাণ, মাদক চোরাচালান দমন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া স্থাপনের বিষয়েও স্থানীয়দের প্রত্যাশা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট এলাকাগুলো ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ এবং স্থানীয় নেতৃবৃন্দ।