ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সোহেলী ইসলাম সোমা (৪২) মারা গেছেন। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে ছয় দিন আগে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। নিহত সোমা এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা ছিলেন। গত ৬ জুন ভোরে ‘ছিনতাইয়ের’ ঘটনাটি ঘটে, এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সোমার মৃত্যু হয়।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। গেল ৬ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় চেপে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে। পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সবুজ।
পরে পাবনার ঈশ্বরদীতে সোমাকে তার নানাবাড়িতে দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। নিহতের ময়নাতদন্তও করা হয়নি বলে জানিয়েছেন সবুজ।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও এর আশপাশের এলাকা পড়েছে ঢাকার মোহাম্মদপুর অথবা শেরেবাংলানগর থানার আওতায়। এ ছিনতাইয়ের বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন ও শেরেবাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, তারা এমন কোনো ঘটনার বিষয়ে ‘অবগত নন’। তবে পার্বতীপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলছেন, সোমার মৃত্যুর বিষয়ে তারা শুনেছেন। কিন্তু থানায় কেউ অভিযোগ করেনি।
সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম বলেন, রিকশা থেকে পড়ে গিয়ে সোহেলির মাথার পেছনের অংশ ফেটে যায়। প্রচ- রক্তক্ষরণ হচ্ছিল। অনেকের কাছে সাহায্য চেয়েছেন। প্রথমে কেউ এগিয়ে আসছিলেন না। পরে রিকশাচালকসহ একজনের সহায়তায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কথা বলতে পারছিলেন না, শুধু গোঙাচ্ছিলেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন