প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থানীয় পর্যায়ে নিতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফারে বিগত দিনগুলোতে একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা তৈরি হয়েছিল।
প্রধানমন্ত্রী নিজে এটাতে নজর দিয়েছেন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ইন্সট্রাকশনে মন্ত্রী মহোদয় এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি যে- প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে।’
গতকাল রোববার রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ শিক্ষাবিদ ও ইউনিসেফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন
শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এ জন্য লোকাল টিম গঠন করা হয়েছেÑ উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। চারজন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী জানান, সদস্যরা মাসে একবার বসে ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসেছে, সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাও করবেন বা করবেন না। একইভাবে ডিসির আন্ডারে জেলা লেভেলে ও ডিপিইর আন্ডারে ডিভিশন লেভেলে করা হয়েছে। করাপশনের সব জায়গাগুলো বন্ধের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যেন যথাযথভাবে পড়ার সময় পায় তা নিশ্চিত করতে সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফিটের স্কুলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে।’
শিখনফলকে আমলে নিয়ে সরকার প্রাথমিক শিক্ষার লক্ষ্য ঠিক করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকটা গোল প্রাথমিকে আমরা এখন লার্নিং আউটকাম ওরিয়েন্টেড করছি; আমরা যেটাই খরচ করব, আমরা বিল্ডিংয়ে খরচ করি, অনেক ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ করি। কিন্তু খরচ করার সময় আমরা দেখি না আসলে আমাদের ফোকাসটা লার্নিং আউটকাম কি না। আমাদের বেশির ভাগ ফোকাস থাকে আমরা বাজেট কতখানি পেলাম, বাজেট কতখানি খরচ করলাম, সেই জায়গাটাতে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন