কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলাসংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। সে সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা দামের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন