রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। গতকাল রোববার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল মামলাটির চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে এই মামলায় জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে চার্জ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত নতুন করে এই তারিখ ধার্য করেন।
এর আগে, ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫-এ বদলির নির্দেশ দেন। গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রহণ করেন। ওই দিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

