জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬-২০২৮। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। একইভাবে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজী মোকাররম আলী চৌধুরী এবং মো. নূর উদ্দিন রুবেল। এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ শাহেদ।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, বিএসবিআরএর মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও বেড়ে যায়। আমি বিশ্বাস করি, নবনির্বাচিত এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে শিল্পের টেকসই উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশের শিপ ব্রেকিং খাতকে আরও এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে।

