নকল করার দায়ে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ১১ শিক্ষা বোর্ডে মোট বহিষ্কার হয়েছেন ১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন পরীক্ষার্থী রয়েছেন। অন্যদিকে ১১ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ পরীক্ষার্থী। গতকাল শনিবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গতকাল ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। ১ হাজার ৬২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন পরীক্ষার্থী।
এদিন রাজশাহী শিক্ষা বোর্ডে ১ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ জন, বরিশাল শিক্ষা বোর্ডে ২ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ১ ও ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৪ হাজার ৪৫৬, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৯৫৬, যশোর বোর্ডে ২ হাজার ৩৬২, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা বোর্ডের আরবি প্রথম পত্র, আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় নকল করার দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ২০২ জন। সারা দেশের ৪৬০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে অংশ নেন ৭৯ হাজার ৯১ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বোর্ডে বিভিন্ন অনিয়মের কারণে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪৮৬ জন। সারা দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন।

