ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সারসহ একজনকে আটক কোস্ট গার্ডের

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৩ এএম

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার মনপুরা থানাধীন উত্তর সাঁকুচিয়া লতাখালী ঘাট এলাকায় গত শনিবার রাত সাড়ে ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। সে সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ২৯ হাজার টাকার ৪৫০ বস্তা সিমেন্ট, ৪ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এ সময় ধরা পড়েন এক পাচারকারী। জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।