এনবিআরের আয়কর নথি অডিটে পড়েছেÑ এমন দাবি করে করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন নম্বর থেকে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র নিজেদের এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে, সংশ্লিষ্ট করদাতার আয়কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা অডিটে জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এনবিআর জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।
সংস্থাটি আরও জানায়, কর-সংক্রান্ত বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো বৈধ ক্ষমতা রাখেন না।
এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।
এ ছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই প্রতারণার ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

