× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩১ এএম

বললেন শিক্ষামন্ত্রী

প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩১ এএম

প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি  ক্যামেরা স্থাপন করতে হবে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

গতকাল সোমবার রাজধানীর জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সে জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কি না তা নজরে রাখার জন্য ক্লাসরুমগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। এ ছাড়া একটি মনিটরিং সেল স্থাপন করতে হবে যেন সেখানে বসে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান মনিটরিংয়ে নায়েমেও একটা মনিটরিং সেল থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,  ‘যেকোনো স্কুলে কী হচ্ছে না হচ্ছে, শিক্ষকরা ঠিকমতো ক্লাস করছেন কি না তা এখানে বসে দেখতে পারবেন। এখানে নন-স্টপ শিক্ষা কর্মকর্তারা থাকবেন। এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের কোয়ালিটি টিচার দরকার। নায়েমে একটি পুল গঠন করে সেই পুলের মাধ্যমে শিক্ষক আনা হবে’।

তিনি আরও বলেন, ‘দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে সেগুলো ব্যবহারে অনেক শিক্ষক-শিক্ষার্থী আগ্রহী হন না। তাই দেশের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না।’

শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাই দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সবাই শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন, বলেন মন্ত্রী।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!