ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভূমিমন্ত্রী জানালেন

মেধাবী শিক্ষার্থীদের পাশে সব সময় থাকবে সরকার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:২০ এএম

শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো অনেক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। সেই বাস্তবতায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে সরকার ধারাবাহিকভাবে বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। গতকাল শনিবার সকালে নগরীর মনিচত্বরস্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী ৪৮২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ১০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

মো. মিজানুর রহমান মিনু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে না। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকেও শিক্ষার প্রসারে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। তিনি বলেন, রাজশাহী জেলা পরিষদ ভবিষ্যতেও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।