ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিদেশি পিস্তল উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১১। র‌্যাব জানায়, গতকাল শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কাঁচপুরের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রির স্থানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) জানান, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।