ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

৪ মাসে হাম সন্দেহে ৭৭১ প্রাণহানি, নতুন করে ৫ শিশুর মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:১৭ এএম

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কর্মসূচির কারণে দেশে এক সময় হামের প্রকোপ কমে এলেও চলতি বছর তা আবার বেড়েছে। গত ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম রোগী শনাক্ত হয় এবং ১০ জানুয়ারি সেখানে সতর্কতা জারি করা হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন বস্তি এলাকাতেও রোগীর সংখ্যা বাড়তে থাকে। সম্প্রতি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা গেছে, শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি, যাদের বড় অংশই হাম আক্রান্ত শিশু।

এসব বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রূপালী বাংলাদেশেকে বলেন, আমরা সম্পূর্ণ ভঙ্গুর একটা স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। হঠাৎ করে হামের এই ঊর্ধ্বগতি আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। তবে আমরা তা মোকাবিলা করার চেষ্টা করছি। ২০২০ সালের ডিসেম্বরের পর দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবৎ বিশেষ টিকা কর্মসূচি হয়নি। চার বছর পর এই কর্মসূচি হওয়ার কথা। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তিনি আরও দাবি করেন, অতীতের সরকারগুলোর সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণেই হামের প্রাদুর্ভাব বেড়েছে। হাম-রুবেলার বিশেষ টিকা দেওয়ার কর্মসূচি সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবৎ হয়নি। যা চার বছর পর পর হওয়ার কথা। ফলে নতুন জন্ম নেওয়া শিশুসহ অন্যরা হামের টিকার আওতার বাইরে থেকে যায়, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। টিকা কেনা ও সংগ্রহে পূর্ববর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে টিকার মজুতে সংকট দেখা দিয়েছে। এতে হামের টিকাসহ আরও ছয় ধরনের টিকার অভাব দেখা দেয়। যার কারণে সংকট তৈরি হয়েছে।