ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মহাসড়ক এখন ময়লার ভাগাড়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:২৮ এএম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন স্থান থেকে ট্রাকভর্তি বর্জ্য এনে মহাসড়কের ওপর ও পাশে ফেলে রাখায় চার লেনের ব্যস্ত সড়কটি কার্যত এক লেনে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি।

শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও বর্জ্যরে স্তূপ এতটাই বড় আকার ধারণ করেছে যে, মহাসড়কের তিনটি লেনই প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে চার লেনের সড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, এই মহাসড়কে যেখানে একসঙ্গে একাধিক যানবাহন চলাচল করার কথা, সেখানে বর্তমানে একটি গাড়িকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহনের চালকেরা বাধ্য হয়ে ময়লার স্তূপের ওপর দিয়ে চাকা উঠিয়ে গাড়ি চালাচ্ছেন। এতে যানবাহনের ভারসাম্য হারিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে নিয়মিত বর্জ্য এনে এখানে ফেলা হচ্ছে। নির্ধারিত স্থানে না ফেলে সরাসরি মহাসড়কের ওপর বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে। ময়লার দুর্গন্ধে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি পরিবেশদূষণের ঝুঁকিও বাড়ছে।

এদিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। তবে একদিকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলেও অন্যদিকে নতুন করে মহাসড়কের পাশে ও ওপরে বর্জ্য ফেলে রাখায় পরিস্থিতির কাক্সিক্ষত উন্নতি হচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাহিদ ভূঞা বলেন, ‘পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা অপসারণের কাজ চলমান রয়েছে। গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একপাশে ময়লা ফেলার নির্ধারিত স্থান রয়েছে। তবে ময়লাবাহী গাড়িগুলোর মহাসড়কে ময়লা ফেলার কথা ছিল না। চালকের অসতর্কতার কারণে কিছু বর্জ্য মহাসড়কের ওপর পড়ে গেছে।’

তিনি আরও বলেন, ময়লা অপসারণের জন্য নির্ধারিত গাড়ি আসতে কিছুটা সময় লাগায় সড়ক থেকে বর্জ্য সরাতে বিলম্ব হয়েছে। স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

পরিবহনচালক ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। এমন গুরুত্বপূর্ণ সড়কের ওপর বর্জ্য ফেলে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত সব বর্জ্য অপসারণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মহাসড়কে বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যানজট, পরিবেশদূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে।