সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বই পালন করে না, যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই উদ্যোগ।’

