দেশের কোনো গ্রামের বাসিন্দা যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারানÑ এমন মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান। কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা না যান। কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে না চলে যান। আমরা এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, চিকিৎসক হওয়ার অর্থ শুধু একটি পেশায় যুক্ত হওয়া নয়, বরং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা। একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। অসুস্থ মানুষের সেবা এবং তাদের সুস্থ করে তোলার মধ্যেই একজন চিকিৎসকের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী হিসেবে তারা চিকিৎসাবিদ্যায় অধ্যয়নের সুযোগ পেয়েছেন। এই মেধা ও অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
বক্তব্যের শুরুতে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংস্কৃতিচর্চা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে এবং মানবসভ্যতার ভিত্তি হচ্ছে সংস্কৃতি।
অনুষ্ঠানের শেষে রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

