কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ পানেরছড়া বন রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানের মালী সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদে গেলে বন বিভাগের দলটি হামলার শিকার হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বনকর্মীদের আঘাত করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থার অবনতি হলে বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
তিনি আরও বলেন, সোমবার সকাল ১০টার দিকে বন বিভাগের একটি দল পানেরছড়া বনাঞ্চলের সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে যায়। এ সময় সেখানে থাকা দখলদারেরা সংঘবদ্ধভাবে হামলা চালায়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ২৫ জুলাই একই ইউনিয়নের সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই দিন শিয়াপাড়া এলাকা থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার (মিনিট্রাক) জব্দ করা হয়। তাদের দাবি, ওই অভিযানের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ডিএফও আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন