ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর সঙ্গে ভগ্নিপতির পরকীয়ার জেরে মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক যুবককে মোবাইলে কল করে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেলের মৃত্যু হয়। এর আগে রোববার রাতে বাগবেড় গ্রামে মোফাচ্ছেলের ফিসারিতে তাকে কুপিয়ে আহত করা হয়।
নিহত মোফাচ্ছেল ওই গ্রামের মোজাম্মেলের ছেলে। তিনি পেশায় ফিশারি ব্যবসায়ী। গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মোফাচ্ছেলকে মোবাইলে কল করে ডেকে নিয়ে যান সুমপাড়া মড়লবাড়ি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে অভিযুক্ত তোফাজ্জল হোসেন। পরে মোফাচ্ছেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সংবাদ পেয়ে স্বজনরা মোফাচ্ছেলকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেল মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তোফাজ্জলের বাড়িতে হামলা, ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি মশিউর রহমান বলেন, অভিযুক্ত তোফাজ্জলের স্ত্রীর সঙ্গে তার ভগ্নিপতির পরকীয়া ছিল। বিষয়টি জানাজানি হলে তোফাজ্জল তার ভগ্নিপতিকে বাড়ি থেকে বের করে দেন। ভগ্নিপতির সঙ্গে মোফাচ্ছেলের ব্যাবসায়িক সম্পর্ক ছিল। এই ক্ষোভ থেকে মোফাচ্ছেলকে হত্যা করে তোফাজ্জল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তোফাজ্জলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন