× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:১৩ এএম

অভিষেকের অপেক্ষায় শাহরুখকন্যা সুহানা

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:১৩ এএম

অভিষেকের অপেক্ষায় শাহরুখকন্যা সুহানা

ছেলে আরিয়ান খান না করলেও মেয়ে সুহানা খান বাবা শাহরুখ খানকে অনুসরণ করছেন। চলতি বছর ‘কিং’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে। অভিষেক সিনেমাতে সঙ্গী হিসেবে রয়েছেন বাবা শাহরুখ খান এবং নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। বাবার সৌজন্যে স্টারকিড হিসেবে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেটের কারণেও অনেক ফ্যান-ফলোয়ারও তৈরি হয়েছে তার। তা ছাড়া আজকাল টিভি পর্দায় কিংবা ইউটিউবে প্রবেশ করলেই সুহানার ঝলমলে উপস্থিতি দেখা যায়। পর্দায় অধিকাংশ সময় সরব উপস্থিতির কারণে তার মুখটি সবার কাছে বেশ পরিচিত। চলতি বছরে বড় পর্দায় দারুণ চমক হয়ে আসছেন বলিউড প্রিন্সেস সুহানা। এ বছর তাকে রুপালি পর্দায় তাকে দেখা যাবে নায়িকা হিসেবে।

যদিও এর আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আর্চিজ’-এ তাকে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে সেটা বিশাল পরিসরে দর্শকদের সামনে আসেনি। কিন্তু এবার বলিউডের মূলধারার একটি বড় আয়োজনের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সুহানা। এটা অভিনেত্রী হিসেবে তার জন্য বিশাল ব্রেক বলা চলে।

‘কিং’ নির্মিত হয়েছে সুহানার বাবা বলিউড বাদশা শাহরুখ খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে। এ সিনেমাতে নাম ভূমিকায় রয়েছেন শাহরুখ খানও। এই সিনেমার মাধ্যমে অনেক দিন পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা। দর্শক তাকে দেখার জন্য যেমন মুখিয়ে আছে, তেমন শাহরুখ তনয়া রুপালি পর্দায় দুর্দান্ত অভিষেক দেখার জন্যেও উন্মুখ হয়ে আছে।

অনেক দিন ধরেই সুহানার সিনেমায় অভিনয় করা নিয়ে নানা জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। কখন কোন সিনেমায় তাকে অভিনেত্রী হিসেবে প্রথম দেখা যাবে, এটা নিয়ে নানা গুজব-গুঞ্জন চলছিল। তবে এর মাঝে ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিনেমায় সুহানার উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করেছে বৈকি। কিন্তু তাতে সবার মন ভরছিল না। সবাই চাইছিলেন বলিউডের বাণিজ্যিক ধারার বড় আয়োজনের কোনো সিনেমাতে তার জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশ ঘটুক। অবশেষে সেটাই হতে চলেছে ‘কিং’ সিনেমাতে।

বলিউডে চলতি বছরটা হতে পারে জেনজির বছর। কারণ, নতুন বছরে যারা রুপালি পর্দায় প্রভাব ফেলবেন বলে ভাবা হচ্ছে, তাদের বড় একটা অংশই নবীনÑ বেশির ভাগই আবার ফিল্মি পরিবারের সন্তান। নতুন প্রজন্মের এই মুখগুলোকে ঘিরে ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এদের সবার আগে উচ্চারিত হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের নাম। এ বছরই অ্যাকশন-ড্রামা সিনেমা দিয়ে বাবার সহ-অভিনেত্রী হিসেবে বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

জানা গেছে, সিনেমাতে সুহানা একজন দক্ষ শুটার। চরিত্রের প্রয়োজনে লন্ডনে পেশাদার প্রশিক্ষকদের কাছ থেকে অ্যাকশনÑ স্টান্টের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সিনেমাতে তার গুরুর ভূমিকায় থাকবেন শাহরুখ খান।

অভিনেতার কন্যার বড় পর্দার জার্নি শুরু হতে চলেছে বাবার সঙ্গে। তাই শাহরুখও নাকি একটু বেশিই সতর্ক। তাই শুটিং সেটকেই পুরোপুরি প্রশিক্ষণ কেন্দ্রের রূপ দিয়েছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্যের জন্য মেয়েকে নিজেই প্রশিক্ষণ দিয়েছেন তিনি। সুহানাও ‘কিং’-এর জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানা গেছে।

শাহরুখের খুব ঘনিষ্ঠ বিখ্যাত কোরিওগ্রাফার ও চিত্রপরিচালক ফারহা খান বলেন, ‘সুহানা খুবই পরিশ্রমী। এবার ‘কিং’-এ দেখা যাবে ওকে। আমি জানি শাহরুখই ওকে অ্যাকশন দৃশ্যের ট্রেনিং দিচ্ছে।’ ছেলেমেয়ের যখন ভূয়সী প্রশংসা বন্ধুর মুখে, তখন কী প্রতিক্রিয়া কিং খানের? গর্বিত বাবার ঠোঁটে শুধুই একচিলতে হাসি। বুঝিয়ে দিয়েছেন কোনোওটাই মিথ্যে নয়।

ইতোমধ্যেই ভারত এবং ইউরোপের বিভিন্ন স্থানে ‘কিং’-এর শুটিং অনেকটাই সম্পন্ন হয়েছে। ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

দেখতে দেখতে ২৫-এ পা দিয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলেমেয়ে থেকে শুরু করে হিন্দি ফিল্মি দুনিয়ার অধিকাংশ তারকার সন্তানরা পড়াশোনা করেছেন মুম্বাইয়ে বান্দ্রা এলাকায় অবস্থিত মুকেশ অম্বানির স্কুলে। শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন সেই তালিকায়। এরপর ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন সুহানা খান। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অভিনয় ও নাটকের একটি কোর্সও করেছেন তিনি। অভিনয়ের ওপর বিদেশে পড়াশোনা শেষ করে মুম্বাই ফিরে আসার পর ‘দ্য আর্চিজ’ সিনেমাতে প্রথম অভিনয় করেন সুহানা।

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা চলছে। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট; সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে অন্যতম হিসেবে দেখছে চলচ্চিত্র মহল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার এবং ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে।

প্রথমদিকে ‘কিং’ পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ। তখন এটি একটি মাঝারি পরিসরের থ্রিলার হিসেবে ধরা হয়েছিল। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনো দেখা যায়নি। সিনেমার ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং তিনটি বিশেষভাবে নির্মিত সেটে শুট হয়েছে। ‘কিং’-এর প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। সিনেমাটি মুক্তির এক বছর আগে থেকেই এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

চলচ্চিত্রটি নির্মাণে ব্যবহৃত হবে সর্বাধুনিক ভিএফএক্স প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স। সিনেমার কাস্টে রয়েছে বলিউডের অন্যান্য তারকারাও, যা দর্শকদের জন্য আরও আকর্ষণ যোগ করছে। পরিচালক এবং প্রযোজকরা আশা করছেন, সিনেমাটি শুধু ভারতের সিনেমা হলে নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করবে।

‘কিং’ সিনেমাকে শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হিসেবেই দেখছেন সিনেমাপ্রেমীরা। এ ছাড়া সিনেমাটির সঙ্গে কন্যার রুপালি পর্দায় অভিষেকের ব্যাপার জড়িয়ে আছে। সুহানা যাতে প্রথম অভিনীত সিনেমাতে কোনোভাবেই ব্যর্থ না হয় সেদিকে পুরো নজর রয়েছে বলিউড বাদশার। গত বছর শাহরুখ খান পুত্র আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্সে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ এর মাধ্যমে একজন নির্মাতা হিসেবে তার রাজসিক অভিষেক হয়েছে। আরিয়ান খান তার প্রথম কাজেই দুর্দান্ত সাফল্যের প্রমাণ দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!