সময়টা ভালো যাচ্ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। কিছুদিন আগে এক প্রতারণার মামলায় আলোচনায় এসেছিলেন। যা নিয়ে তাকে আদালতের বারান্দা পর্যন্ত যেতে হয়েছিল। যদিও এই মামলা থেকে রেহাই পেয়েছেন তিনি। এবার নতুন বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। যদিও অভিযোগটি উড়িয়ে দিয়েছেন মেহজাবীন।
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন মেহজাবীন। শুধু অভিনেত্রীই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন।
মাদককা-ের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এর প্রেক্ষিতে গতকাল এক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। মেহজাবীনের কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’ বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যা একেবারেই কাম্য নয়।’ নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’ সবশেষে নিজের পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’ নাটক পেরিয়ে মেহজাবীন চৌধুরী গত দু’বছর মন বসিয়েছেন সিনেমায়। সেই সূত্রে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা দুটি নিয়ে বৈশ্বিক উৎসবে ভালো প্রশংসা পেয়েছেন। সম্প্রতি শিহাব শাহীন নির্মিত ‘ক্যাকটাস’ সিরিজে নারী প্রধান চরিত্রে কাজ করছেন মেহজাবীন।

