ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবার অভিনয়ে ফিরতে চান শফিক সাদেকী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:০১ এএম

নব্বই দশকের টেলিভিশন নাটকের অত্যন্ত দর্শকপ্রিয় ও পরিচিত মুখ শফিক সাদেকী। মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু করার পর তিনি পুরো নব্বইয়ের দশকজুড়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অসংখ্য নাটকে নিয়মিত অভিনয় করেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। এ সপ্তাহে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দর্শক চাহিদা থাকা সত্ত্বেও বিদেশ পাড়ি জমাতে হয় তাকে। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন, ‘যে সময়টিতে অভিনয় করছিলাম, সে সময়টি বদলাতে শুরু করে। কাজের যে পেশাদারিত্ব, সেটি ম্লান হতে শুরু করে। একপর্যায়ে তাতে বিভক্তি দেখা দেয়। যেমন বিটিভির কথাই যদি ধরি, তাহলে দেখব, আমরা যারা শুধু অভিনয় শিল্পী হিসেবে কাজ করছিলাম, তাতে ছেদ পড়ছিল। এক ধরনের অলিখিত ‘ব্ল্যাক লিস্ট’ বলে যে কথা প্রচলিত রয়েছে, তা যেন অনিবার্য হয়ে ওঠে। এর মধ্যেই একে নেওয়া যাবে না, ওকে নেওয়া যাবে নাÑ এমন একটা অদৃশ্য অপরীতি চালু হয়ে যায়। এই অপনীতির কারণে একজন শিল্পী দেখতে পায়, বুঝতে পারে, সে আর বিটিভির নাটক কিংবা কোনো অনুষ্ঠানে ডাক পায় না। আবার শিল্পী-নির্মাতা, যারা প্রভাব বিস্তার করতে সক্ষম, তাদের ইশারাও অদৃশ্য দেয়াল হয়ে উঠে। এটা যে শুধু বিটিভির ক্ষেত্রে হয়, তা নয়, এর প্রতিক্রিয়া বেসরকারি চ্যানেলের ক্ষেত্রেও ঘটে। পুরো নাট্যাঙ্গনে প্রভাব পড়ে। একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এমন পরিবেশ একজন পেশাদার অভিনয় শিল্পীর জন্য হতাশার।’

এই অভিনেতা আরও বলেন, ‘কেন আমাকে অভিনয় ছেড়ে সতেরো-আঠারো বছর ধরে বিদেশ-বিভুঁইয়ে থাকতে হয়েছে, হচ্ছে? এ প্রশ্নের উত্তর মিডিয়ায় অজানা নয়। একজন পেশাদার অভিনয়শিল্পীর জন্য এটা এক ধরনের মৃত্যু। দেখুন, নব্বই সাল থেকে অভিনয় করি। সাড়ে তিনশ’ নাটকে অভিনয় করেছি। একজন অভিনয় শিল্পীর জন্য এই দীর্ঘ সময় পাড়ি দেওয়া অনেক পরিশ্রমের বিষয়। এর মধ্যে যদি প্রবল বাধা আসে, তাহলে তো সেই শিল্পীর শিল্পীসত্তার মৃত্যু ঘটা স্বাভাবিক। এ দেশ আমার, এ দেশের সন্তান আমি, এ দেশে আমার সবকিছু। এর বাইরে চলে যাওয়া বা চলে যেতে বাধ্য হওয়া কতটা যন্ত্রণা এবং কষ্টের, তা বোঝানো খুবই কঠিন। হ্যাঁ, ওখানে ভালো আছি। ভালো চাকরি করি। দেশেও আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে। অথচ যে সময়টা আমাকে বিদেশ কাটাতে হয়েছে এবং হচ্ছে, এসব ছেড়ে যেতে আমাকে বাধ্য হতে হয়েছে।’

কাজের পরিবেশ ও প্রস্তাব পেলে আবার কাজে ফিরতে চান এক সময়ের ব্যস্ত অভিনেতা শফিক সাদেকী। তিনি বলেন, ‘এটুকু বুঝতে পারছি, দেশে কাজ করার মতো পরিবেশ ঠিক হচ্ছে। একটা সুষ্ঠু পরিবর্তনের দিকে যাচ্ছে। অভিনয় কিন্তু আমার রক্তে মিশে আছে। এটাই আমার শেকড়, ভিত্তি। দীর্ঘ সময়ের যে বিরতিটা দিতে হয়েছে, সে সময়টা তো আর ফিরে পাব না। জীবনের অনেক কিছু বদলে গেছে। পেশা পরিবর্তন হয়েছে। এর মধ্যে যদি নিজের উপযুক্ততা অনুযায়ী, কাজ করার সুযোগ আসে, আগের মতো করা সম্ভব হবে কিনা জানি না, তবে অভিনয়ের যে তৃষ্ণা রয়েছে, তা কিছুটা হলেও মিটাতে পারব।’

শফিক সাদেকী যুক্তরাষ্ট্রের হেলথ ডিপার্টমেন্টের অধীনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘ সময় ধরে তিনি সেখানে বসবাস করছেন। মঞ্চ দিয়ে অভিনয় জীবন শুরু করা শফিক সাদেকী পুরো নব্বই দশকজুড়ে বিটিভির নাটকে নিয়মিত মুখ ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ ও ‘বড় বাড়ি’ নাটকে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান।

এ ছাড়া ‘সুবর্ণ সময়’, ‘এক জনমে’, ‘জলাশয় কতদূরে’, ‘মাটির মায়া’ ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়। ‘সেই তুমি এলে’, ‘চেনা জন চেনা মন’, ‘অন্তরে’, ‘নিঃশ্বাসে বিশ্বাসে’র মতো নাটকগুলো তাকে দর্শকদের কাছে প্রিয় করে তোলে।