দীর্ঘ সাত বছরের অচলাৃবস্থা কাটিয়ে অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এতে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ‘প্রিয়তমা’খ্যাত চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রযোজক নিজেই।
জানা গেছে, দীর্ঘ অচলায়তন কাটাতে প্রযোজকরা একমত হওয়ায় নির্বাচনমুখী হয়েছে চলচ্চিত্রের মাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতি। এতে একই প্যানেল থেকে সামসুল আলম সাধারণ সম্পাদক এবং সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু সহ-সভাপতি হিসেবে নির্বাচনে প্রার্থী হবেন। ইতিমধ্যে তারা মনোয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া প্রযোজক মো. ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রযোজক-পরিবেশক কামাল আন্তর্জাতিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটি না থাকায় প্রযোজকদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয়টি সামনে এনে গত বছরের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তৎকালীন প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন সামসুল আলম। মেসার্স উইনার ফিল্মসের স্বত্বাধিকারী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি ওই আবেদনে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিখিত আবেদন জমা দেওয়ার পর সামসুল আলম ব্যক্তিগতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও (ডেপুটি ট্রেড অর্গানাইজেশন) কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি কর্মকর্তাকে জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় প্রযোজকরা নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছেন এবং নির্বাচিত কমিটি না থাকায় তাদের অনেক দাবিদাওয়া ও সমস্যা উপেক্ষিত হচ্ছে।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ডিটিও মৌখিকভাবে প্রশাসককে দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানা গেছে। পরবর্তীতে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ প্রতীক্ষার পর প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।
জানা গেছে, আগামী ৮ আগস্ট এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ফর্ম কেনা ও জমা চলতি মাসের ২৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
এর আগে সর্বশেষ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর নানা আইনি জটিলতা ও ভোটার তালিকা নিয়ে বিতর্কের কারণে নির্বাচন স্থগিত ছিল।

