ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সম্মানিত বোধ করছি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:৩০ এএম

লোকগানকে আধুনিক রিমিক্সে নতুনভাবে তুলে ধরার ক্ষেত্রে হাবিব ওয়াহিদের জুড়ি নেই। গত বছর কোক স্টুডিও বাংলার মঞ্চে প্রকাশিত তার গাওয়া ‘মহা জাদু’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বছর না ঘুরতেই সেই গানই এবার নতুন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে!

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের জনপ্রিয় এই গানটি। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে। দুই দেশের সরকার প্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে নির্মিত ওই ভিডিওতে বাংলা ভাষার একটি গান ব্যবহৃত হওয়ায় বাংলাদেশি নেটিজেনরা বিষয়টিকে বিশেষ সম্মানের হিসেবে দেখছেন।

এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাবিব ওয়াহিদ বলেন, ‘ঘুম (গতকাল) থেকে ওঠার পর বিষয়টা জানতে পেরেছি। আমি তো অবাক। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। কারণ, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে দুটি দেশ জড়িয়ে রয়েছে। সেই ভিডিওতে আমার গানটি ব্যবহার করায় আমি সম্মানিত বোধ করছি। আমি লাকি। নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এই মুহূর্তে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাবিব ওয়াহিদ। তিনি বলেন, ‘গান নিয়েই ব্যস্ত আছি। সর্বশেষ ‘প্রেমের কলঙ্ক’ নামে একটি গান প্রকাশ করেছি। সেটাও দর্শক পছন্দ করেছেন। আপাতত এটা নিয়েই ব্যস্ত রয়েছি।’

উল্লেখ্য, ‘মহা জাদু’ ছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান। এতে হাবিব ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। বাংলার আধ্যাত্মিক লোকধারা এবং ফারসি কাব্যিক আবহের সংমিশ্রণে নির্মিত গানটি প্রকাশের পরই প্রশংসা কুড়িয়েছিল।