ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

একাধিক ধারাবাহিকে মার্শাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৪৯ এএম

ছোট পর্দায় একাধিক ধারাবাহিক নাটক, ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, আর সামনে নতুন চলচ্চিত্র, সব মিলিয়ে অভিনয় জীবনের ব্যস্ততম সময় পার করছেন প্রতিশ্রুতিশীল অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে নির্মাতা ও দর্শকÑ দুই মহলেরই আস্থা অর্জন করছেন।

বর্তমানে মার্শাল অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আরটিভির ম্যানেজ মাস্টার, যা পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। এ ছাড়া ফরিদুল হাসানের মহল্লা, আদিত্য জনির সাক্ষী মফিজ, মাসুদ আল জাবেরের অতিথি, মাহমুদ হাসান রানার অন্ধকার গলি, মনন আসাদের ঝগড়াটে পরিবার এবং সঞ্জীব দাসের বৃক্ষবাড়ি বাড়াবাড়ি নাটকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

টেলিভিশনের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও নিজের অবস্থান শক্ত করছেন মার্শাল। সম্প্রতি তিনি ক্লাইম্যাক্স পার্ট-২ ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন, যার পরিচালক সজীব মাহমুদ। এ ছাড়া মাসুদ আল জাবের পরিচালিত জেরিন পার্ট-২ সিরিজেও অভিনয় করছেন। এরই মধ্যে একটি নতুন চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যদিও সিনেমাটির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া পাপ নাটকে একেবারেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মার্শাল। পাপ্পুরাজ্জের গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা ও সামির রহমান রাব্বি। একইভাবে কয়েকদিন আগে প্রকাশিত রক্ষিতা বউ নাটকেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।

নিজের অভিনীত চরিত্রগুলো সম্পর্কে মার্শাল বলেন, সমাজের বাস্তবতা তুলে ধরা গল্পগুলোতেই বেশি কাজ করছি। আমার অনেক চরিত্রই নেতিবাচক, তবে এসব চরিত্র সমাজে বিদ্যমান বলেই নির্মাতারা সেগুলো তুলে ধরছেন। নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করারও একটি দায়িত্ব রয়েছে। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষা ও সামাজিক বার্তাও পৌঁছে দিতে পারে। তিনি আরও বলেন, নির্মাতারা আমার ওপর ভিন্নধর্মী চরিত্রে আস্থা রাখছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে নিজেকে আরও ভাঙতে চাই, নতুন নতুন চরিত্রে কাজ করতে চাই। দর্শকের ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

এদিকে, মার্শাল অভিনীত আরও প্রায় ডজনখানেক নতুন নাটক ইউটিউবে মুক্তির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দা ও ডিজিটাল মাধ্যমে নিজের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যাশা এই অভিনেতার।