ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সরকার বদলের সঙ্গে কনটেন্টের কোনো সম্পর্ক নেই

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:৫০ এএম

বাংলা সিনেমা প্রযোজনা করেছিলেন ২৬ বছর আগে। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছিল তার মনের খুব কাছের একটি কাজ। টালিগঞ্জ থেকে দূরে থাকলেও এখানকার শিল্পীদের সঙ্গে যোগাযোগ আছে তার। আবার যখন প্রযোজক হিসাবে ফিরলেন। ইতোমধ্যে রাজ্যে দু-দু’বার রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের।

এক প্রশ্নের উত্তরে এই অভিনেতা বলেন, ‘বাড়িওয়ালি’ এত ভালো এবং শক্তিশালী ছবি, ঋতুপর্ণ ঘোষের এতটাই সংবেদনশীল একটা কাজ যে পরের ছবিটা তেমনই কিছু বানাতে চেয়েছিলাম। আমি প্রথমে একজন পেশাদার অভিনেতা, তারপর পরিচালক, একদম শেষে প্রযোজক। এ রকম কোনো গল্প চোখে পড়েনি আমার। আর সত্যি বলতে, আমি খোঁজও করিনি। আসলে হিন্দি সিনেমাই তৈরি করতে চাইছিলাম। শমীক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি বহু দিন কাজ করছি। তিনিই ‘শুরু থেকে শুরু’ ছবির আইডিয়া নিয়ে আসেন আমার কাছে। আমার প্রথমে খুব ভালো লেগেছিল। তখনই গল্প তৈরি করতে বলি। খসড়া করে অনেক বার শুনিয়েছেন, বেশ কয়েকবার শুনে চিত্রনাট্য পছন্দ হয়। আমি চেয়েছিলাম এই শহরের কেউ যদি আমার পার্টনার হন।

সরকার বদলের পর, চলচ্চিত্রজগতে কী কী বদল আসবে বলে মনে হয়? এমন প্রশ্নের উত্তরে অনুপম বলেন, মানুষ পরিবর্তন চেয়েছিলেন। সেই পরিবর্তন এসেছে। আমার বিশ্বাস, নতুন সরকার ভালো কাজ করবে। সবাইকে কাজ করতে দিতে হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই অনুষ্ঠানে এসেছিলেন ব্যক্তি হিসাবেই শুধু নয়, অর্থমন্ত্রী হিসাবেও। এতেই সরকারের দৃষ্টিভঙ্গি এতে বোঝা যায়। স্বপন দাশগুপ্ত আমার বন্ধু, সেটা যদিও অন্য ব্যাপার। অর্থমন্ত্রী হিসাবে এসেছেন এটা বড় বিষয়, সরকার বদলের সঙ্গে কনটেন্টের কোনো সম্পর্ক নেই। সরকার কাজের ক্ষেত্রে সুবিধা করে দিতে পারে এবং তা করবে বলেই মনে হচ্ছে।