ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

মুক্তির মুখে বিজয়ের হাসি দেখতে চান তারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৫৩ এএম

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে ‘আরমান-মুক্তি’ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দিত চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। বিগত বেশ কয়েক বছরে মুক্তি বেশ সাংগঠনিক হয়ে উঠেছেন। শিল্পীদের কাছেও তিনি ভীষণ আস্থার হয়ে উঠেছেন সমিতির নানান ধরনের কার্যক্রমের বিষয়ে। অল্প সময়ের মধ্যে মুক্তি সমিতির হয়ে অনেক কাজ করেছেন বলেও অনেকে বলছেন। মুক্তি শিল্পী সমিতির জন্য নিবেদিত হয়ে অনেক কাজ করেছেন এবং আগামীতেও নিবেদিত একজন হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীরা।

‘আম্মাজান’খ্যাত নায়িকা শবনম বলেন, ‘মুক্তির জন্য অনেক অনেক শুভ কামনা রইল। মুক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল বেশ কয়েক বছর আগে। ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। তার মা আনোয়ারা বাংলাদেশের সিনেমার একজন গুণী অভিনেত্রী। এমন গুণী শিল্পীর মেয়ে যদি সমিতির দায়িত্ব পায় অর্থাৎ সাধারণ সম্পাদক হিসেবে জয় লাভ করে তাহলে সেটা সমিতির জন্যই ভালো হবে। মুক্তির কথা বার্তা, আচার আচরণ সবাইকে মুগ্ধ করে। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তার মুখে বিজয়ের হাসিটাই ফুটিয়ে দেন। সমিতির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করব তারা যেন যোগ্য প্রার্থীকে ভোট দেন।’

জ্যেষ্ঠ চলচ্চিত্রাভিনেত্রী রাশেদা চৌধুরী বলেন, ‘সত্যি বলতে কি এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মুক্তিকে আমি বেশ ভালোভাবে চিনি জানি। কারণ মুক্তি আমাদের আনু আপার মেয়ে। এমন গুণী একজন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রীর মেয়ে যদি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পায় তাহলে তা সমিতির জন্যই অনেক অনেক ভালো হবে। তারপরও নির্বাচনে হারÑ জিত থাকবেই। যে যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবেন। তবে মুক্তির জন্য মন থেকে আমার দোয়া রইল।’

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় আনোয়ারা আপার মেয়ে মুক্তির জন্য অনেক অনেক শুভ কামনা রইল। যদিও এরই মধ্যে বিএফডিসিতে যাওয়া হয়ে উঠেনি। কিন্তু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি মুক্তি নির্বাচন করছে। আরও অনেকেই নির্বাচন করছে। তবে মুক্তির জন্য দোয়া রইল। তার হাত ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যে নতুন নেতৃত্ব আসুক। যদিও নির্বাচন কঠিন একটি বিষয়। তারপরও মুক্তির জন্য মন থেকে দোয়া রইল তার মুখে বিজয়ের হাসিটা ফুটুক।’

উল্লেখ্য, শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমাতে ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে মুক্তির অভিষেক হয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’, ‘শ্রাবণ মেয়েঘর দিন’, ‘হাছন রাজা’, ‘পিতা-মাতার আমানত’, ‘জগত সংসার’, ‘তুমি আমার স্বামী’, ‘অবুঝ বউ’, ‘এ দেশে তোমার আমার’ ইত্যাদি।