ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল রিপন খানের। বড় পর্দায় নিজেকে মেলে ধরার স্বপ্ন নিয়ে তিনি পা রাখেন ঢালিউডে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের মমতা’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে এই নবাগত নায়কের। প্রথম সিনেমাতেই গ্রামীণ এক যুবকের লড়াকু ও রোমান্টিক চরিত্রে অভিনয় করে তিনি পরিচালক ও দর্শক মহলে নিজের প্রতিভার জানান দেন। এরপর সায়মন তারিকের ‘মাটির পরী’, জেসমিন আক্তার নদীর ‘জল শ্যাওলা’সহ বেশকিছু প্রজেক্টে তার সম্পৃক্ততা তার অভিনয় যাত্রাকে আরও সমৃদ্ধ করে।
চলচ্চিত্রের পাশাপাশি রিপন নিজেকে ব্যস্ত করে তুলেছেন ছোট পর্দায়। সম্প্রতি তিনি বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন। তার মধ্যে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এই অভিনেতা। সম্প্রতি শেষ করেছেন ভিন্নধর্মী গল্পের নাটক ‘ভাগ্যের চাকা’। নাটকটি প্রযোজনা করেছেন সায়মন তারিক। গল্পের ভাবনায় রয়েছেন রিপন খান আর রচনা ও পরিচালনা করেছেন হৃদয় জাহান।
নাটকটিতে প্রথমবার জুটি বেঁধেছেন রিপন খান ও সানজানা সোনিয়া। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন রেবেকা রউফ, আফফান মিতুল, সাঁজ, সায়মন তারিক, শানু প্রমুখ।
নির্মাতাদের ভাষ্য, ‘ভাগ্যের চাকা’ এমন এক গল্প, যেখানে মানুষের জীবনের ভাগ্য কীভাবে অপ্রত্যাশিতভাবে মোড় নেয়, সেটিই ভিন্নধর্মী টুইস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পুরো নাটক না দেখলে এর রহস্য ও গল্পের গভীরতা বোঝা সম্ভব নয়। তাই দর্শকদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা।
রিপন খান বলেন, ‘সানজানা সোনিয়া অসাধারণ একজন শিল্পী। এই নাটকে আমাদের দুজনের রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। আশা করছি, দর্শক কাজটি উপভোগ করবেন।’
জানা গেছে, শিগগিরই ইউটার্ন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে ‘ভাগ্যের চাকা’।
রিপন খান মূলত একজন কাজ পাগল মানুষ। নিজের অভিনয় সত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি অভিনয় শিল্পী কাজের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম না। আমি কাজ পাগল একজন মানুষ।’
বর্তমানে নাটক, সিনেমা এবং মিউজিক ভিডিও, শোবিজের এই তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। রিপন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রেজা হাসমতের ‘জেদি মেয়ে’, কাজল কুমার বর্ধনের ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমাগুলো।

