ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

উড়তে চান চমক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪৫ এএম

মেধা, সৌন্দর্য আর অভিনয়ের অনবদ্য জাদুতে নাট্যাঙ্গনে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন রুকাইয়া জাহান চমক। খুব অল্প সময়েই তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অনেক দিন ধরেই বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত কনটেন্ট নির্মাণে সরব রয়েছেন।

সম্প্রতি একটি নতুন গানে দেখা গেছে তাকে। সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার নতুন রোমান্টিক গান ‘মন নিলো সে’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়ে আবারও চমকে দেন চমক। গানটির জমকালো প্রকাশনা অনুষ্ঠানে এসে চমক শুধু নতুন কাজ নিয়েই নয়, বরং নিজের জীবনদর্শন নিয়েও অত্যন্ত চমৎকার ও খোলামেলা কথা বলেছেন, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

নাজমুল ইভানের পরিচালনায় মুক্তি পেয়েছে রোমান্টিক ঘরানার গান ‘মন নিলো সে’। গানটির কথা লিখেছেন আবির হাসান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর আহমেদ। এই মিউজিক ভিডিওতে চমকের সঙ্গে জুটি বেঁধেছেন ইমরান খান। গানটি প্রকাশের পরপরই বিয়ে বাড়ি কিংবা যেকোনো উৎসব-আয়োজনে পারফর্ম করার মতো একটি ট্রেন্ডি ভাইব তৈরি করেছে।

চমক জানান, তিনি সাধারণত মিউজিক ভিডিওতে কাজ করার ক্ষেত্রে খুবই বেছে কাজ করেন। তবে ‘মন নিলো সে’ গানটির কথা ও সুন্দর ভিডিওর গল্প প্রথমবার শোনার পরই তিনি এর প্রেমে পড়েন এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।

মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা নিয়ে এই হাস্যোজ্জ্বল অভিনেত্রী বলেন, তিনি গান বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই খুঁতখুঁতে। ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভালো না লাগলে কোনো প্রজেক্টে রাজি হন না। তবে আবির হাসানের প্রস্তাব এবং তানভীর আহমেদের সংগীত পরিচালনায় ‘মন নিলো সে’ গানটির কথা ও সুর প্রথমবারেই তার মন ছুঁয়ে যায়। নাজমুল ইভানের পরিচালনায় নির্মিত গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

অনুষ্ঠানের একপর্যায়ে নিজের জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে চমক বলেন, ‘আমি আসলে পাগল মানুষ। আমার যখন কোনটা ভালো লাগে আমি সেটাই করি। সি, একটা জীবন, ছোট্ট জীবন। এই ছোট্ট জীবনে আমি বৃক্ষ হতে আসি নাই যে এক জায়গায় শিকড় গড়ে এক জায়গায়ই থেকে যাবো। আমি পাখি মানুষ, আমি পাখির মতো আকাশে উড়তে চাই, অনেক কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। অনেক জীবন যাপন করতে চাই।

নিজের এই বক্তব্যে জীবনকে এক জায়গায় থামিয়ে না রেখে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষার কথাই তুলে ধরেন এই অভিনেত্রী। এ সময় রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন চমক। তিনি বলেন, আপনি কখনোই একটা সচেতন নাগরিক হিসেবে অরাজনৈতিক হতে পারেন না। অনেকে বলে যে আমি অরাজনৈতিক, আমি খুব নিরপেক্ষ; আপনি পারেন না। আপনি একজন আদর্শ নাগরিক কখনো অরাজনৈতিক হতে পারবেন না।

চলতি বছরের এপ্রিলে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন চমক। সেই প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, হ্যাঁ, আমি তো একটা দল পছন্দ করেছি। যে দল পছন্দ করেছি আমি তো সে দল ছাড়বো না।

নতুন গান, জীবনদর্শন এবং রাজনৈতিক অবস্থানÍসব মিলিয়ে প্রকাশনা অনুষ্ঠানটি চমকের একাধিক বক্তব্যের কারণে আলোচনায় এসেছে।

দেশের যেকোনো অস্থিতিশীল বা সাম্প্রদায়িক ঘটনাপ্রবাহ নিয়ে সরাসরি নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। সব ধর্ম ও পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার ব্যাপারে সবসময়ই সোচ্চার এই অভিনেত্রী। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্থান ও সংস্কৃতির ওপর নিজস্ব ঢঙে কনটেন্ট ও ভিডিও তৈরি করে অনুরাগীদের নিয়মিত বিনোদন দিচ্ছেন তিনি।

এর আগে লুইপার গাওয়া ‘চুড়ি ছাম ছাম’ নামের একটি ধামাকাদার মৌলিক গানে মডেল হিসেবে দেখা গিয়েছিল চমককে। সেই গানে চমকের দুর্দান্ত গ্ল্যামারাস লুক, কোরিওগ্রাফি এবং লুইপার কণ্ঠের চমৎকার মেলবন্ধন শ্রোতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছিল এবং বিয়ের সিজনগুলোতে গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই জুটি পুনরায় নতুন গান ‘মন নিলো সে’ নিয়ে হাজির হয়েছেন।