ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

অন্ধকার জগতের গল্পে ইকবালের ‘গুলশানের চামেলি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৪৬ এএম

আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। ‘গুলশানের চামেলি’ নামের এই সিনেমায় রাজনীতি, অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অপরাধ এবং এলিট সোসাইটির অন্ধকার দিককে বড় পরিসরে তুলে ধরা হবে।

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার দাবি, গল্পে থাকবে একের পর এক চমক, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে।

সিনেমাটি প্রসঙ্গে এমডি ইকবাল বলেন, ‘গল্পে ধারাবাহিকভাবে টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণ একটি গল্প লিখেছেন। শিল্পী নির্বাচনেও আমরা চমক রাখছি, তবে এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। অন্ধকার জগতের গল্প এবার বড় ক্যানভাসে তুলে ধরা হবে। যেহেতু এটি ঈদের সিনেমা, তাই দর্শকদের জন্য একটি শক্তিশালী ও উপভোগ্য গল্প নিয়ে আসার চেষ্টা করছি।’

প্রযোজক হিসেবে এমডি ইকবাল দীর্ঘদিন ধরেই পরিচিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ ও ‘বীর’। পরে তিনি পরিচালনায় নাম লেখান এবং ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’ নির্মাণ করেন।

নতুন এই সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে আগামী ঈদুল ফিতরে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক গল্পের সিনেমা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইকবাল। শিগগিরই সিনেমাটির কলাকুশলীর নাম জানানো হবে বলে জানিয়েছেন তিনি।