টালিউডে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিল। মা হতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। বাবা হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। আর এই জীবনের অন্যতম সেরা ও আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তারা বেছে নিলেন এক বিশেষ দিন। নিজেদের বিবাহবার্ষিকীর দিনে প্রকাশ করলেন সোহিনীর চমৎকার বেবি বাম্পের ছবি।
গত কয়েক মাস ধরেই টালিপাড়ার বাতাসে ভাসছিল সোহিনীর মা হতে চলার খবর। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি কমে যাওয়া এবং ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে কৌতূহল দানা বাধে। এমনকি কিছুদিন আগে নন্দনে আর্টিস্ট ফোরামের একটি অনুষ্ঠানে মেরুন শাড়িতে তার স্পষ্ট বেবি বাম্প নজর কেড়েছিল সবার। তবে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করা এই জুটি এতদিন এই বিষয়ে সম্পূর্ণ নীরব ছিলেন।
অবশেষে নিজেদের রূপকথার বিয়ের বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ মিষ্টি ছবি পোস্ট করে হবু মা-বাবা জল্পনায় সিলমোহর দিলেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের মাতৃত্বকালীন কুর্তি, খোলা চুলে লাল রঙের ফুল গোঁজা স্নিগ্ধ সাজে সোহিনী, আর পাশে আকাশি রঙের পাঞ্জাবিতে হাসিমুখে দাঁড়িয়ে তার বেবি বাম্প আগলে আছেন শোভন। ছবির ক্যাপশনে তারা লিখেছেন মাত্র একটি বাক্যÑ ‘আমরা দুই থেকে তিনের পথে’।
২০২৪ সালের জুলাই মাসের ১৫ তারিখ ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন। বিয়ে নিয়ে গোপনীয়তাও যথেষ্ট বজায় রেখেছিলেন তারা। ঘরোয়া আবহে বিয়ে সেরেছিলেন দম্পতি। বিয়ে সেরে সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যতেœ থাকব।’ বিয়ের দ্বিতীয় বার্ষিকীতেই অনুরাগীদের দিলেন সুখবর।
সম্প্রতি সোহিনী তার অভিনীত সিনেমা ‘ফেরা’ এবং ‘বহুরূপী ২’-এর কাজ শেষ করেছেন। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে নতুন কোনো কাজের দায়িত্ব নেননি তিনি। আপাতত ক্যামেরা এবং লাইট-সাউন্ডের দুনিয়া থেকে কিছুটা দূরে থেকে নিজের যতœ নিচ্ছেন এবং মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।
জানা গেছে, চলতি বছরের দুর্গাপূজার আশপাশেই এই তারকা দম্পতির কোল আলো করে আসতে পারে তাদের প্রথম সন্তান।

