ঢাকার মেয়ে এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের যত অনুষ্ঠান হয় প্রায় সবগুলোরই উপস্থাপনা করেন তিনি। বলা যায় উপস্থাপনায় সোনিয়া নিজেকে আয়োজকদের সবচেয়ে আস্থা এবং নির্ভরতায় পরিণত করেছেন। উপস্থাপনায় সোনিযার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে কিশোরগঞ্জে রিজিয়া পারভীন ও মনির খানের একটি স্টেজ শো উপস্থাপনার মধ্য দিয়ে। এরপর কিছুদিন উপস্থাপনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সময় কাটে তার। ২০১২ সালে তিনি দুবাইয়ে ‘রাক টিভি’র হেড অব প্রোগ্রাম হিসেবেও কাজ করেছেন। আবার ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এশিয়ান টিভির ‘এশিয়ান মিউজিক’ এবং চ্যানেল নাইনের ‘গোধূলীর নিমন্ত্রণে’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি।
এই দুটো অনুষ্ঠান ছিল তার সিগনেচার অনুষ্ঠান। এরপর আবারও ২০১৫ সালে সোনিয়া পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১৫ সাল থেকে আজ অবধি উপস্থাপনাতেই যুক্তরাষ্ট্রে নিজেকে এক ব্যান্ডে পরিণত করেছেন সোনিয়া। সেখানকার বড় বড় যতোসব অনুষ্ঠান হয় সবখানেই সোনিয়ার রয়েছে দৃপ্ত পদচারণা। যদিও ছোটবেলায় নাচ শিখেছেন তিনি। পেযেছেন দুইবার জাতীয় পুরস্কার। কিন্তু একটা সময় এসে সোনিয়া নিজেকে উপস্থাপনার সঙ্গেই সম্পৃক্ত করলেন। যুক্তরাষ্ট্রের ‘রোলেক্স’,‘ শ্যানেল’, ‘কার্টিয়ার’র মতো প্রতিষ্ঠানে ব্র্যান্ড ম্যানেজার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন সোনিয়া। উপস্থাপনায় সমাদৃত এই গুণী উপস্থাপিকা ‘এনআরবি’, ‘ফোবানা’, ‘ঢালিউড’সহ আরও বেশ কয়েকটি সংগঠন থেকে শ্রেষ্ঠ উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন।

