ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নানা আয়োজনে যবিপ্রবির ২০তম জন্মদিন পালিত

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:০৫ এএম

বর্ণিল পথ আলপনা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা, পিঠা উৎসব, বিভিন্ন বিভাগীয় পিঠা স্টল ও আলপনা পরিদর্শন, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার উদ্বোধন, দেশীয় লোকসংগীত পরিবেশনসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জাতীয় পতাকা এবং রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির সূচনা করেন।

সকাল সাড়ে ১০টায় প্রধান ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য। এরপর যবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরসহ অন্য অতিথিদের নিয়ে জুলাই কর্নার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিদের সঙ্গে নিয়ে উপাচার্য বিভিন্ন বিভাগের পিঠা উৎসবের স্টল, পথ আলপনাসমূহ ও পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন করেন। স্টলগুলোতে বাহারি আকৃতি ও ঋতুভিত্তিক সুস্বাদু পিঠার পসরা দেখা যায়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘যবিপ্রবির আকার ও বয়স তুলনামূলক কম হলেও এই বিশ^বিদ্যালয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা ও গবেষণায় দেশের অনেক প্রবীণ বিশ^বিদ্যালয়কে পেছনে ফেলে বিশ্ব রাঙ্কিংয়ে সেরা বিশ^বিদ্যালয় হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছে। এই বিশ্ব বিদ্যালয়ে রয়েছেÑ অত্যাধুনিক গবেষণাগার, আধুনিক আবাসনব্যবস্থা, শিক্ষার্থীদের পড়ালেখার উপযোগী সুন্দর পরিবেশ এবং ক্রীড়া চর্চার জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম জিমনেসিয়াম।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জমি অধিগ্রহণের কোনো বিকল্প নেই। এরই মধ্যে জমি অধিগ্রহণের জন্য বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ডিপিপি জমা দেওয়া হয়েছে। বিশ্ব বিদ্যালয়কে বিশ^মানের শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণার উৎকর্ষ সাধনের লক্ষ্যে যে জমির প্রয়োজন, সরকার তা পূরণ করবে।’

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, অধ্যাপক ড. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. মোছা. আফরোজা খাতুন, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. কোরবান আলী, ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নূর আলমসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিন বিকেলে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।