গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহযোগী মনির হায়দার। প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কার পরিকল্পনার জন্য গঠিত সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন ছিল, সংবিধান সংস্কার কমিশন। সবগুলো কমিশন থেকে প্রায় এক হাজারের মতো সুপারিশ আসে। জুলাই জাতীয় সনদ-২০২৫ তৈরি করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৪টি সুপারিশ নিয়ে, যার বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ হবে গণভোট।

