ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া না-জায়েজ’

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৬:৪৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন কথা বলা সম্পূর্ণ অপপ্রচার। একটি মার্কায় ভোট দিলেই কেউ বেহেশতে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এ ধরনের প্রচার প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া না-জায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, ধর্মের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থি। তিনি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্ত না হন এবং ধর্মীয় আবেগে নয়, বিবেক দিয়ে ভোটের সিদ্ধান্ত নেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পক্ষে ভোট দিন। তিনি আরও বলেন, সনাতনী মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।