গাজীপুরের কাপাসিয়ায় সাবেক স্বামী আতিকের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলা সদরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মারিয়া আক্তার এ অভিযোগ করেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। লিখিত বক্তব্যে মারিয়া জানান, ২০২০ সালে অপহরণ ও বিয়ের পর তাদের সংসারে একটি ছেলেসন্তান জন্ম নেয়। আতিকের মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের কারণে ২০২৪ সালে তিনি আতিককে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকেই আতিক ফেসবুকে লাইভে এসে মারিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নানা অশালীন বক্তব্য প্রচার এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

