খাগড়াছড়িতে ‘বিঝু-সাংগ্রাই-বৈসুর একাল-সেকাল : নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনাসভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সিএইচটি রাইটার্স ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কবি ও লেখক অংসুই মারমা। বক্তারা বলেন, একসময়ের গোষ্ঠীগত এই উৎসব এখন সর্বজনীন রূপ পেয়েছে। নতুন প্রজন্ম তাদের ঐতিহ্য ধারণ করার পাশাপাশি কোমরতাঁতের মতো লোকজশিল্পকে বিশ্বদরবারে প্রদর্শনীতে যুক্ত করছে। তবে আধুনিকতার প্রভাবে উৎসবের মূল আধ্যাত্মিক ও ধর্মীয় বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আলোচকেরা। নব্বইয়ের দশক থেকে ‘সাংগ্রাই’ ও ‘বৈসু’ নামগুলো প্রচার পাওয়ার মাধ্যমে এই বৈচিত্র্য এখন পাহাড়ের প্রধান শক্তিতে পরিণত হয়েছে।

