ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বান্দরবানে বর্ণিল সাংগ্রাই উৎসবের শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৪৪ এএম

বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ‘সাংগ্রাই’। বর্ষবরণ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মারমা সম্প্রদায়ের পাশাপাশি আরও ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন। রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ফুল ও নানান সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরী বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, রাজপুত্র সাচ প্রুসহ উৎসব উদযাপন কমিটির সদস্য এবং মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

১১টি পাহাড়ি সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণে পুরো বান্দরবান শহর উৎসবের রঙে-রূপে সেজে ওঠে। উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের ভিড় জমেছে। উৎসবের ধারাবাহিকতায় মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুধবার ও বৃহস্পতিবার রাজার মাঠে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী জলকেলি উৎসবÑ জানিয়েছে উৎসব উদযাপন কমিটি।