ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু সুরক্ষা বিষয়ে সংলাপ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৪৭ এএম

বরগুনার পাথরঘাটায় শিশু সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত এ সংলাপটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন এবং পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংলাপে শিশু ও তরুণদের সুরক্ষা নিশ্চিত করতে প্রধান চ্যালেঞ্জ ও অগ্রাধিকারগুলো চিহ্নিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুব সংগঠনের সম্পৃক্ততা জোরদার করা, বিদ্যমান নীতি ও সেবার ঘাটতি নিরূপণ এবং জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।