ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রশিক্ষণ কর্মশালা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিওস্পেশাল ডাটা অ্যানালিসিস অ্যান্ড ম্যানেজমেন্ট (বেসিক ও ইন্টারমিডিয়েট) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কর্মশালার উদ্বোধন করেন। ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই প্রকল্পের সহযোগিতায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ডিজিটাল লার্নিং প্ল্যাটফরম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শিক্ষার সুযোগ বাড়িয়ে বৈষম্য কমাতে সহায়তা করছে। তিনি আরও বলেন, জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তিতে প্রশিক্ষিতরা দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।