সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রশাসনের উদ্যোগে নির্মিত একটি রাস্তা উদ্বোধনের মাত্র চার দিনের মাথায় ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সদ্য নির্মিত একটি সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরনবীপুর গ্রামের করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবার যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথটি বন্ধ করে দিলে পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। টানা ২০ দিন অবরুদ্ধ থাকার পর বিষয়টি প্রশাসনের নজরে এলে সদ্য বিদায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফিকা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিবারগুলোর চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি ইটের রাস্তা নির্মাণের নির্দেশ দেন।
গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ি ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ওসি মো. সাইফুল ইসলাম এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহর উপস্থিতিতে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু ইউএনও মাশফিকা হোসেনের বদলির সুযোগে গত শনিবার বিকেলে সাবেক ইউপি সদস্য মো. আফসার আলীর নেতৃত্বে একদল মানুষ রাস্তার সব ইট তুলে নিয়ে যায়।
গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি পরিবারের কষ্টের কথা চিন্তা করে প্রশাসন রাস্তাটি করে দিয়েছিল। কিন্তু হঠাৎ সাবেক মেম্বার আফসারের নেতৃত্বে কিছু লোক এসে সব ইট তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আফসার আলী মুঠোফোনে জানান, তিনি কোনো রাস্তার ইট তুলে নিচ্ছেন না। তার দাবি, যেখানে রাস্তা করা হয়েছে সেটি কলেজের জায়গা এবং তারা কেবল কলেজের জায়গা দখলমুক্ত করছেন।
রাস্তা নির্মাণের মাত্র চার দিনের মাথায় এভাবে ইট তুলে নেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, চরনবীপুর গ্রামে নবনির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি আমি জেনেছি। তদন্তসাপেক্ষে এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

