রাজশাহীর তানোরে জনকল্যাণমূলক সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং গেটকা প্রজেক্টের (ডাসকো) সমন্বয়কারী মশিউর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন বকুল হোসেন। এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রেজিয়া বেগম, শ্যামলী খাতুনসহ অনেকে। বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আগামী ১৩ মে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে এ-সংক্রান্ত সুপারিশ ও প্রস্তাব তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

