ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কড়া পাহারায় যাচ্ছে দিনাজপুর

বেনাপোল দিয়ে এলো ৪০ টন ভারতীয় বিস্ফোরক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৪২ এএম

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি প্রকল্পের উন্নয়নকাজের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। তিনটি বিশেষায়িত ট্রাকে করে আসা ৪০ মেট্রিক টন ওজনের এই বিস্ফোরকের চালানটি বর্তমানে বেনাপোল স্থলবন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে কড়া পুলিশি পাহারায় এসব বিস্ফোরক দিনাজপুরের উদ্দেশে রওনা হয়।

বন্দর ও কাস্টমস-সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপাড়া খনি প্রকল্পের পাথর উত্তোলন ও উন্নয়নকাজের গতি বাড়াতে ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরক কেনা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বিস্ফোরকবাহী তিনটি ট্রাক ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল বন্দর এলাকায় প্রবেশ করে। আমদানি করা এই চালানের মধ্যে রয়েছে ৪০ টন ‘ইমালশন এক্সপ্লোসিভ’ এবং ১০০ কিলোমিটার দীর্ঘ ‘ডেটোনেটিং কর্ড’, যা খনির কঠিন শিলা ভাঙার কাজে ব্যবহৃত হয়।

পণ্যটি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গত দুই দিন ধরে এসব বিস্ফোরক বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ওই এলাকায় সাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছেন শুল্ক গোয়েন্দা ও নিরাপত্তা কর্মীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরক দ্রব্য হওয়ায় আমরা কোনো ধরনের ঝুঁকি নিচ্ছি না। সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমস ও বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি পাহারায় এবং বিশেষ পাহারাদার দলের তত্ত্বাবধানে এই চালান দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ম্যাগাজিনে (সংরক্ষণাগার) পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের জন্য বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিস্ফোরক আমদানি করা হয়েছিল। তবে এবারের চালানে ইমালশন এক্সপ্লোসিভের পরিমাণ বেশি হওয়ায় নিরাপত্তাবলয় আরও জোরদার করা হয়েছে।