ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্ত্র-গুলিসহ ফজল কাদের বাহিনীর ৪ ডাকাত গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৪৫ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা ধলঘাটা ইউনিয়নের নাছিরডেলসংলগ্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বাহিনীর চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর ছায়াতলে থেকে মহেশখালীর উপকূলীয় এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।