যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন (৩৫)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়পুরের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান হোসেন (২৯) অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে (ঢাকা মেট্রো-ট-১৮-৭৮৩৬) কয়লাবাহী ট্রাকটি ভাঙ্গাগেট এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রাকটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক মনোয়ার ঘটনাস্থলে মারা গেলেও হেলপারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

