কুষ্টিয়ার খোকসায় সরকারি অগ্রাধিকারভুক্ত খাল খনন প্রকল্পে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার মোড়াগাছা-হাসিপুর খালের উৎসমুখ দ্বিপচর সেতুর কাছে খননকাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর (ভেকু) পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং মোটরসাইকেলসহ মূল্যবান সরঞ্জাম লুটে নেয়।
জানা গেছে, গত ১৬ মার্চ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মোড়াগাছা-হাসিপুর খালের আড়াই কিলোমিটার খননকাজের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ের ৯০০ মিটার খননকাজ যখন শেষের দিকে, তখনই এই হামলার ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, রাত সাড়ে ১১টার দিকে কাজ চলাকালীন গড়াই নদীর দিক থেকে ১৫-২০ জন সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তারা প্রকল্পের নৈশপ্রহরী ও চালকের সহকারীর ওপর হামলা করলে প্রাণভয়ে চালকেরা পালিয়ে যান। দুর্বৃত্তরা প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করে এক্সকাভেটর দুটি ভাঙচুর করার পর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। যাওয়ার সময় তারা মালিকের একটি মোটরসাইকেল, এক্সকাভেটরের ব্যাটারি ও শ্রমিকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে রাত ২টার দিকে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী এক্সকাভেটর চালক সিয়াম মন্ডল বলেন, রাতে তারা মাটি কাটছিলেন। সন্ত্রাসীদের হামলা শুরুর কিছুক্ষণের মধ্যে অপর চালক তার কাছে চলে আসেন। পরে তারা দুজন একসঙ্গে পালিয়ে যান। তারা সরকারি কর্মকর্তাকে জানালে রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তারা মেশিনের আগুন নেভান। পরে পুলিশ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন ঘটনাটিকে ‘ক্লুলেস’ ও ‘ডাকাতি’ হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি জমি উদ্ধার করে খাল ও রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়রা খুশি ছিলেন। কোনো চাঁদাবাজির দাবিও আগে মেলেনি। এমন পরিস্থিতিতে এই হামলা রহস্যজনক।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করছেন। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত ইউএনও তাসমিন জাহান জানিয়েছেন, সরকারের উন্নয়ন প্রকল্পে এই ন্যক্কারজনক হামলার পেছনের কারণ উদঘাটনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

