ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নগদ টাকা-স্বর্ণ লুট

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় পরিবারের অনুপস্থিতির সুযোগে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র লোহার দরজা কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ২৬ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে মো. নুরুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। যাওয়ার আগে বাড়ির মেইন গেট ও ঘরের দরজা-জানালা তালাবদ্ধ করে যান। গতকাল শুক্রবার সকালে তার নানি সাজিমুন বেগম ও খালা সালেহা বেগম বাড়িতে এসে দরজার তালা কাটা অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। তিনি আরও জানান, বাড়িতে এসে ঘরের ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারির ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ ৪ লাখ টাকা এবং প্রায় ২২ লাখ টাকা মূল্যের তার মা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।