আদালতের নির্দেশ অমান্য করায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন আদালত। একই সঙ্গে প্রবাসী অপহরণের ঘটনাটি সরাসরি মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মে দুবাই প্রবাসী বাবুকে অস্ত্রের মুখে অপহরণ করে ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করা হয়। এ বিষয়ে আদালত ৩ ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও ওসি তা জমা দেননি। আদালতের কঠোর অবস্থানের পর পুলিশ অপহৃতকে উদ্ধার করে। তবে শোকজের বিষয়ে ওসি জানান, তিনি কোনো আদেশ পাননি।

