পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার টাকা ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে ‘কসাই রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শ্রীরামপুর ইউনিয়নের নুর হোসেন মৃধার ছেলে। পুলিশ জানায়, গত ১১ মে দুর্বৃত্তরা ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২০ মে দুমকি থানায় মামলা হয়। রনির বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনসহ পটুয়াখালী ও দুমকি থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় সে দীর্ঘদিন এলাকায় অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তার রনিকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।

