গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রীতম (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সোমবার রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।
উল্লেখ্য, জেলায় হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। এর মধ্যে ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন